
নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। আদালত আবেদনটি মঞ্জুর করে বৃহস্পতিবার দুপুরে শ্যোন অ্যারেস্ট কার্যকর করা হয়। মামলার নম্বর ৪১, ২০২৪। মামলাটি দায়ের করেন কৃষক ওয়াজেদ আলী ২০২৪ সালের ৩০ জুন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোডের ডার্চ বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলসহ তিন জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান। এই ঘটনায় আইভীর সম্পৃক্ততা থাকার সন্দেহে তদন্ত চলছে।
এর আগে বৃহস্পতিবার আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফতুল্লা থানায় দায়েরকৃত চারটি হত্যাকাণ্ড ও সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পেয়েছিলেন।
গত বছরের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নভেম্বর মাসে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন দেন, পরে আপিল বিভাগের স্থগিতাদেশে তা বন্ধ হয়। ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়।