
ভোরের নীরবতা ভেঙে একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঢেউ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাত্র দুই বাক্যের পোস্টে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’
জুলাই গণঅভ্যুত্থানের সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছিল বহুল ব্যবহৃত একটি স্লোগান। তবে শনিবার হঠাৎ করেই এই শব্দবন্ধটি ফেসবুকে নতুন করে আলোচনায় উঠে আসে। রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের নেতাদের পোস্টে ঘুরেফিরে দেখা যায় একই স্লোগান। ভাষা ও পরিচয়কেন্দ্রিক বিতর্ককে কেন্দ্র করেই বিষয়টি সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগের দিন শনিবার ২১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিষয়টি নতুন করে আলোচনায় তোলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই সংসদ সদস্য বলেন, 'নিজের ভাষা ও নিজের সম্পদকে ভালবাসুন। নিজের যা আছে, সেটাকে ভালবাসুন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না।'
তার বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে পোস্ট দিতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা, যা নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক।