মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর জন্য এটি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পার্ঘ্য অর্পণ। তিনি বেদীতে ফুল দিয়ে ফেরার পথে একদল নেতাকর্মীর তোপের মুখের পরেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারা।
স্লোগান-পাল্টা স্লোগানে উত্তাপ
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একদল যুবক তাকে লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’, ‘একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’—সহ নানা স্লোগান দিতে থাকেন।
এর জবাবে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দেন। তারা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ স্লোগান দিলে পরিস্থিতি দ্রুতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ
এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের সংসদ সদস্যরা পাশ দিয়ে যাচ্ছিলেন। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে আসেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিরাপত্তা জোরদার করেন। পরে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।