
সড়ক পরিবহন খাতে চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ হিসেবে ব্যাখ্যা করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এনসিপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মন্ত্রী যেটিকে সমঝোতা বলছেন, বাস্তবে তা চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ পদ্ধতি। নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংগঠন বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। এ ধরনের অনিয়মকে ‘সমঝোতা’ হিসেবে তুলে ধরা হলে তা কার্যত অবৈধ লেনদেনকে বৈধতার ভাষা দেওয়ার শামিল।
এর আগে একই দিন সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, তিনি এটিকে চাঁদা হিসেবে দেখেন না। মালিক ও শ্রমিক সমিতি নির্দিষ্ট হারে যে অর্থ সংগ্রহ করে তা তাদের কল্যাণে ব্যয় হয় এবং এটি অনেকটা অলিখিত বিধির মতো। কাউকে জোর করে টাকা দিতে বাধ্য করা হলে সেটিকেই তিনি চাঁদা হিসেবে বিবেচনা করেন বলে মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা করে ডা. তাসনিম জারা তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সড়কে আদায় করা এই অর্থের সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। বাসভাড়া বৃদ্ধি এবং পণ্য পরিবহনের অতিরিক্ত ব্যয়ের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, যার শেষ চাপ গিয়ে পড়ে যাত্রী ও ভোক্তাদের ওপর।
তিনি আরও প্রশ্ন তোলেন, মন্ত্রী নিজেই বলেছেন ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আধিপত্য বদলায়—এতে কি ধরে নিতে হবে যে এই অর্থ আদায়ের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সম্পর্ক রয়েছে? বিষয়টি নিয়ে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাধানের প্রস্তাব দিয়ে ডা. জারা বলেন, মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিলের জন্য অর্থ প্রয়োজন হলে তা অবশ্যই আনুষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সংগ্রহ করা উচিত। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা বার্ষিক নিবন্ধন ফি’র সঙ্গে যুক্ত করে অর্থ আদায়ের পরামর্শ দেন তিনি।
পাশাপাশি সড়ক থেকে সংগৃহীত বিপুল অর্থের পূর্ণাঙ্গ অডিট প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, এই টাকা প্রকৃতপক্ষে কার স্বার্থে ব্যয় হচ্ছে—সাধারণ শ্রমিক-চালকদের কল্যাণে, নাকি কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধায়—তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অনিয়মকে ‘অলিখিত বিধি’ হিসেবে স্বীকৃতি দিলে তা জনমনে হতাশা সৃষ্টি করবে।