
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার এবং সেহরির ব্যবস্থা করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমান নিজে এসব প্রতিষ্ঠান ঘুরে শিক্ষার্থীদের হাতে খাবার সামগ্রী তুলে দেন এবং পুরো মাসের খাদ্য সরবরাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
উদ্যোক্তাদের বরাত দিয়ে জানা যায়, প্রতিটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য রমজানের প্রতিদিনের ইফতার, সেহরি ও রাতের খাবারের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে, যাতে মাসজুড়ে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে।
জাইমা রহমান বলেন, “অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। রমজান মাসে তারা নিশ্চিন্তে ইবাদত ও পড়াশোনা করতে পারে—এই উদ্দেশ্যেই এই উদ্যোগ নিয়েছি।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে নিয়মিত খাবারের ব্যবস্থা হওয়ায় এতিম শিক্ষার্থীরা বড় উপকার পাচ্ছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।