
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ দুপুরেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে সামনে আসছে জাতীয় নাগরিক পার্টি। সমসাময়িক নানা ইস্যুতে দলের আনুষ্ঠানিক বক্তব্য জানাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি।
বুধবার দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। জানানো হয়, দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। গত ১৭ ফেব্রুয়ারি সংসদের প্রথম দিনের শপথ গ্রহণ ঘিরে সৃষ্ট জটিলতা এবং বিএনপি জোটের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধের আলোচনার মধ্যেই এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ বর্জন এবং পরবর্তী কৌশল নিয়ে দলটির শীর্ষ নেতৃত্ব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এর আগে গত মঙ্গলবার এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিএনপি যদি জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে, তাহলে তারাও শপথ থেকে বিরত থাকতে পারেন।
আজকের সংবাদ সম্মেলনে শপথ ঘিরে তৈরি অচলাবস্থা নিরসনে এনসিপির চূড়ান্ত অবস্থান এবং দেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হতে পারে। গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণবার্তায় সমসাময়িক রাজনৈতিক সংকটের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।