
দিল্লি থেকে দেশে ফিরেই বিমানবন্দরে পুলিশের মুখোমুখি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। ইমিগ্রেশন প্রক্রিয়ায় গেলে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের ভাষ্য, তাকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আটকও করা হতে পারে।
বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী হাসান বলেন, “আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।”
এর আগে গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে মাহদী সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’—এমন বক্তব্য দিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ওই ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও আন্দোলনের মুখে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি জামিনে মুক্তি পান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তিনি দেশ ত্যাগ করেন।