
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কোনও ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘যে জুলাইয়ের কারণে ২০২৬ এ জাতীয় নির্বাচন হয়েছে সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে।
তিনি জানান, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশকে সব স্তরের অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত করা হবে। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিকতাকেও ইতিবাচক করে তোলে উল্লেখ করে তিনি বলেন, গতকাল আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ।
মিরপুরকে আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন জামায়াত আমির। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রতিদিন সকালে এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে দিনের কাজ শুরু করতে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের পর ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
দলীয় সূত্র জানায়, সংসদে শক্তিশালী ও সমন্বিত ভূমিকা নিশ্চিত করতেই শীর্ষ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। এর ফলে দলটির সর্বোচ্চ নেতা হিসেবে ডা. শফিকুর রহমান সরাসরি সংসদে বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন।