
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে একটি বিশেষ গোষ্ঠী ব্যাপক ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা জয়ী হতে পারেনি। তবে বিজয়ের মাঝেও এই কারচুপির প্রচেষ্টা তিনি জাতির জন্য “অশুভ লক্ষণ” হিসেবে আখ্যায়িত করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থানে যাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস বলেন, নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল হয়েছে।
তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু জনজোয়ারের কাছে সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত টেকেনি।”
ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রাপ্ত ভোটের পরিমাণ নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, “এদের তো কোনো জনভিত্তি বা ভোট নেই, তাহলে তারা এত ভোট পেল কী করে? এটিই প্রমাণ করে পর্দার আড়ালে কী ধরনের কারসাজি হয়েছে।”
পুনর্গণনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ বাংলাদেশ নির্বাচন কমিশনের। “কমিশন যদি মনে করে, তবে তারা পুনরায় ভোট গণনার সিদ্ধান্ত নিতে পারে,” যোগ করেন তিনি।
দীর্ঘদিন পর বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নেতাকর্মীদের ধৈর্য ধরে শান্ত থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ধৈর্য ধরে এগোতে হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।