
ঢাকা-৮ আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত উত্তেজনা বিরাজ করেছে রাজধানীতে। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা। ১২ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে তারা মূল ফটকের বাইরে অবস্থান নেন।
কার্যালয়ের ভেতরে অবস্থান করেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
ফটকের বাইরে বিএনপির নেতা-কর্মীরা মির্জা আব্বাসের পক্ষে স্লোগান দিতে থাকেন এবং করতালি দেন। স্লোগানে তাঁরা তাকে ঢাকা-৮ আসনের বিজয়ী হিসেবে ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটের ভেতরে পুলিশ সতর্ক অবস্থান নেয়। একপর্যায়ে সেনাসদস্যরাও সেখানে উপস্থিত হন।
এদিকে ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। অন্যদিকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রাত পৌনে ১১টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান আফরোজা আব্বাস। তিনি তখন থেকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কক্ষে কয়েকজন নেতা-কর্মীসহ অবস্থান করেন। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, কয়েকটি কেন্দ্রে বাতিল ঘোষিত ভোট বৈধ হিসেবে গণ্য করা এবং কিছু কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবিতে তিনি সেখানে গেছেন।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে রাত বাড়ার সঙ্গে সঙ্গে। রাত পৌনে ১টার দিকে এনসিপির কয়েকজন নেতা-কর্মীও বিভাগীয় কমিশনের কার্যালয়ে উপস্থিত হন। রাত পৌনে ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান এজেন্ট শাহীন আহমেদ খান অভিযোগ করেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চবিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে বাতিল হওয়া ভোটগুলোকে বৈধ হিসেবে গণ্য করার জন্য মির্জা আব্বাস ও তাঁর সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে তাঁদের হাতে ফলাফলের কাগজ দেওয়া হয়েছে। এখন ওই কেন্দ্রগুলোর ফল পুনর্গণনার জন্য প্রভাব খাটানো হচ্ছে। তাঁর দাবি, ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং জিম্মি করে রাখা হয়েছে। পাশাপাশি পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রাখা হয়েছে।