
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী সম্প্রতি বিতর্কিত একটি মন্তব্য করে সংবাদ শিরোনামে আসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মুন্সী বলেছেন, “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।” ভিডিওটি একটি উঠান বৈঠকে রেকর্ড করা হয়েছে, যেখানে তিনি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের সমর্থনে বক্তব্য দিচ্ছেন।
মুন্সী ভিডিওর সত্যতা স্বীকার করেছেন, তবে ব্যাখ্যা দিয়েছেন এটি মূলত ‘কথার কথা’ এবং বক্তব্যের সময় তিনি ক্লান্ত ও অবসাদগ্রস্ত ছিলেন। তিনি বলেন, “প্রচারণার শেষ দিনে মধ্যরাতে এটি বলা হয়েছে। কেউ বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করলে দুঃখিত।”
ভিডিওর ৫৩ সেকেন্ডে মুন্সী ভোটারদের ট্রাক মার্কায় ভোট দিতে উৎসাহিত করছেন এবং নিজেকে অপমানিত হলে তার শোধ নেবার হুমকি দিয়েছেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী মন্তব্য করেছেন, “এই বক্তব্য একান্তই মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত। দলীয় কোনো বক্তব্য নয় এবং দলের দায়ভার বহন করবে না।”
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপির অভিযোগে নির্বাচনে প্রার্থিতা হারান। এর ফলে বিএনপি’র আসনটি চলে যায় গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনের পক্ষে, যাকে দল সমর্থন জানিয়েছে।