
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এই প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে এই ভাষণ সরাসরি প্রচার করা হবে।
বিটিভির সূচি অনুযায়ী সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সম্প্রচারিত হবে। এরপর রাত ৭টা থেকে ৮টার মধ্যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও সম্প্রচারের কথা রয়েছে।
এর আগে রোববার বিটিভিতে ভাষণ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, যিনি চরমোনাই পীর নামে পরিচিত।
এদিকে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার থেকে নির্বাচনি অপরাধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ৬৫৭ জন বিচারক দায়িত্ব পালন শুরু করবেন।
সরকারি তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৯ লাখ সদস্য বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে দায়িত্বে থাকবেন। এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিওপি সদস্য প্রায় সাড়ে ৫ লাখ ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে। পুলিশের প্রায় দেড় লাখ, সশস্ত্র বাহিনীর ১ লাখ এবং বর্ডার গার্ড বাংলাদেশের ৩৭ হাজারের বেশি সদস্যও নির্বাচনি দায়িত্ব পালন করবেন। দেশের মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০টি কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহৃত হবে।
নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক। পাশাপাশি বিদেশি সাংবাদিকরাও নির্বাচনি পরিস্থিতি ও তথ্য সংগ্রহ করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।