
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে কিছু সরকারি কর্মকর্তা ভোট কারচুপি করে একপক্ষকে জেতানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, "ভোট কারচুপির উদ্দেশ্যেই ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজকের মধ্যে এই বিধি বাতিল না করলে কালকেই জড়িত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে মাঠে নামবে জামায়াতসহ ১১ দল। স্বৈরাচারের এসব দোসর অতীতে ক্ষমা পেলেও এবার পার পাবে না।"
ডা. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনে ভরাডুবির হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় আসার পাঁয়তারা চলছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করে দেশসেবার সুযোগ পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করবেন।