
রাজধানী ঢাকায় ছয়টি জায়াগায় আজ রোববার (৮ ফেব্রুয়ারি) শেষ মুহূর্তের নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর এই কর্মসূচির তথ্য জানানো হয় গত শনিবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। সেখানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, ঢাকা মহানগর উত্তর এলাকার ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান।
তারেক রহমানের দিনের সূচনা হবে দুপুর ২টায় ঢাকা ১৭ আসনে। নিজ নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা ১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে জনসভায় যোগ দেবেন।
পরবর্তী কর্মসূচি হিসেবে সাড়ে ৩টায় ঢাকা ১৫ আসনের মিরপুর ১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান। বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা ১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে তার বক্তব্য নির্ধারিত রয়েছে।
দিনের শেষ ভাগে আরও দুটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকা ১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা ১১ আসনের বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে বক্তব্য দিয়ে রাজধানীর কর্মসূচি শেষ করবেন তিনি।