
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ২ হাজার ২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা। যা মোট প্রার্থীর ২৫ দশমিক ৬২ শতাংশ। এসব ঋণগ্রহীতার মধ্যে পাঁচ কোটি টাকার বেশি ঋণ রয়েছে ৭৫ জন প্রার্থীর, যা ঋণগ্রহীতা প্রার্থীদের ১৪ দশমিক ৪৫ শতাংশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সুজন জানায়, ঋণগ্রহীতা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। দলটির ১৬৭ জন প্রার্থী ঋণগ্রহীতা, যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ। অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বিএনপির প্রার্থীদের মধ্যেই ঋণগ্রহীতার সংখ্যা বেশি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর হার কিছুটা কমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণগ্রহীতার হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ, যা এবার কমে ২০ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে প্রার্থীদের আর্থিক ও অন্যান্য তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার।