
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর খুলনায় পা রাখতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর সেই উপলক্ষে নগরজুড়ে দেখা দিয়েছে নেতাকর্মীদের ব্যাপক সমাগম ও উৎসাহ। তার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আলোচনার আবহ।
সোমবার ২ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। অনেক সমর্থক রোববার রাতেই দূরদূরান্ত থেকে খুলনায় এসে পৌঁছান।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে খুলনায় পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টায় তিনি খালিশপুর প্রভাতী স্কুল মাঠের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। সমাবেশ শেষ করে দুপুর ১টায় হেলিকপ্টারে করে যশোরের উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জনসভায় লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
এই জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ‘একের পর এক কর্মসূচি এবং বিরামহীন ছুটে চলায় তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও খুলনার মানুষকে ভালোবেসে তিনি আসতে সম্মত হয়েছেন। এজন্য খুলনার আপামর মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ উপস্থিতি ঘটিয়ে আমরা তাকে স্বাগত জানাব।’
খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। আমাদের কর্মীরা চেয়ারম্যানের উন্নয়ন পরিকল্পনা শুনতে গভীর আগ্রহে অপেক্ষা করছে।’
এদিকে তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ, সমাবেশস্থলের ভেতর ও বাইরে এবং নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, র্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। শহরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন হবে না। অনেক মানুষের সমাগম থাকবে তাই সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সমাবেশ স্থলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’