
নিজের দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তকে ‘গোনাহ থেকে বাঁচার পথ’ হিসেবে ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে মাদানী লেখেন, ‘আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে।’
দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তে প্রথম স্ত্রী মানসিক কষ্ট পেয়েছেন বলেও স্বীকার করেন তিনি। একই পোস্টে জানান, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন, যদিও কখনো তিনি মেনে নিয়েছেন, আবার কখনো ভেঙে পড়েছেন।
আড়াই বছরের সংসারে ‘কোনো অভিযোগ ছিল না’ দাবি করলেও সেই সম্পর্কের মাঝেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও উল্লেখ করেন এই ইসলামি বক্তা। নিজের সিদ্ধান্তকে ধর্মীয় বিধানের অংশ হিসেবে তুলে ধরে তিনি লেখেন, ‘তিনি যা হালাল করেছেন, সেটাকেই আঁকড়ে ধরতে চেয়েছি।’
পোস্টের শেষাংশে দুই পরিবারের জন্য সবার কাছে দোয়া চান মাদানী। একই সঙ্গে ইনসাফ বজায় রেখে সংসার পরিচালনার তাওফিক কামনা করেন তিনি।