
দেশের ৪ হাজার ৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রমের জন্য ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে দ্বিতীয় কিস্তিতে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের সাধারণ বরাদ্দ (বিবিজি) থেকে এ অর্থ ছাড় করা হয়।
গত ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে মঞ্জুরি আদেশ জারি করে।
মঞ্জুরি আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাতে রয়েছে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা। এই বরাদ্দের দ্বিতীয় কিস্তি হিসেবে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা ছাড় করা হয়েছে।
ছাড় করা অর্থ পেতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুসারে টিআর ফরম নম্বর-৩২-এ বিল তৈরি করতে হবে। পরে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষরসহ বিলটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
অর্থ ছাড়ের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের নির্ধারিত ব্যাংক হিসাবে অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করা হবে। এর মাধ্যমে বরাদ্দের অর্থ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।
মঞ্জুরি আদেশে অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে তহবিলের অর্থ উত্তোলন এবং ব্যয়ের সব তথ্য ক্যাশবুক, রেজিস্টারসহ প্রয়োজনীয় অন্যান্য হিসাব বইয়ে যথাযথভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করতে হবে।
ছাড় করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ এবং প্রচলিত সব আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে।
এ ছাড়া বরাদ্দের অর্থ থেকে অব্যয়িত কোনো অংশ থাকলে তা আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।
অন্যদিকে, অর্থ ছাড়ের আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসকের তৈরি করা বিলে প্রতিস্বাক্ষর করে তা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।