
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশার (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের অগ্রগতি ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আরও সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে নিহত তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ গিয়েছিলেন জেরিকা তাসনিম দিশা। এর আগেও তাঁরা একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’-এ গিয়েছিলেন। এ ছাড়া একটি মোটরসাইকেল গ্যারেজে মামলার অন্য রিমান্ডে থাকা আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) সঙ্গে দিশাকে একসঙ্গে দেখা গেছে। তাহসিফের সঙ্গে রেস্টুরেন্টে সময় কাটানোর পাশাপাশি দিশা মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরেছেন বলেও আবেদনে বলা হয়।
নিহত তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট বা সিডিআর বিশ্লেষণেও ঘটনার আগে দিশার সঙ্গে তাঁর একাধিকবার কথা বলার তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তার আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে তাহসিফ হত্যাকাণ্ডে দিশার সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ মিলেছে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য বের করা, জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার, হত্যাকাণ্ডের স্থান চিহ্নিত এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারের জন্য তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পাশাপাশি অপর আসামি দীপের দেওয়া তথ্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখার জন্যও তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।