
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রমিকদের বিভিন্ন দাবি ও চলমান পরিস্থিতি নিয়ে সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’
তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে এবং তাঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করে দেওয়া কিছু মালিক ও প্রতিষ্ঠানের তালিকা সরবরাহ করতে তাঁদের বলা হয়েছে।
এ ছাড়া অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন—এমন শ্রমিক নেতা ও সংগঠনের নামের তালিকাও মালিকদের কাছে চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে শ্রমিক কিংবা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কোনো কাজে যুক্ত থাকতে পারে না বলে তিনি মন্তব্য করেন।