
সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। এখন আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, “এটা আমরা অঙ্গীকারাবদ্ধ। এটাই আমাদের আন্দোলন ছিল যে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা। এটা হবে ইনশাল্লাহ। সংবিধান সংশোধনের মাধ্যমে এটা প্রতিস্থাপন করা হবে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান—সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে কয়েক দফায় চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এটা আমরাও শুনছি সামাজিক যোগাযোগমাধ্যমে যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান। আমরা তাকে ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে আমাদের নেইবারিং কান্ট্রিকে, পার্শ্ববর্তী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতেও ফ্যাসিবাদী শক্তি এ ধরনের অপচেষ্টা চালিয়েছে। পলাতক শক্তির কোনো অপতৎপরতা সরকার মেনে নেবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। নিজেদের কৌশল অনুযায়ী এমন চেষ্টা তারা করতেই পারে। তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ সরকার দেবে না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মুখে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের কোনো অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।