
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের একটি এলাকায় খেয়াঘাটকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী সেখানে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় তাঁরা হামলার শিকার হন। সরকার এ ঘটনার ভিডিও দেখেছে এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানা যাবে।
সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাঙামাটির সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে। পার্বত্য অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। পর্যটন মৌসুমকে ঘিরে প্রতিবছরই এসব গোষ্ঠী বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ছাড়াও একই ধরনের নামে আরও কয়েকটি গোষ্ঠী সক্রিয় রয়েছে। এসবের মধ্যে ইউপিডিএফের সংস্কারপন্থী অংশসহ বিভিন্ন উপদল রয়েছে, যাদের মধ্যে পারস্পরিক বিরোধও বিদ্যমান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীও এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে।
অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) বাসা থেকে ৮৫ জনকে আটক করার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী একে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।