
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে সুপারিশ তৈরিতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
কারা আছেন কমিটিতে
কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক। মন্ত্রিপরিষদ সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাজের প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া কমিটির কার্যক্রম পরিচালনায় সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।