
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ৮টার দিকে হিলি সীমান্তবর্তী বাজার-চুড়িপট্টি পাকা রাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়ার পথে অজিত কুমার ঘোষকে সন্দেহ হলে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজের কাছে মদ থাকার কথা স্বীকার করেন।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁর শরীর তল্লাশি করে ভারতীয় চার বোতল মদ, একটি পাসপোর্ট ও একটি আধার কার্ড পাওয়া যায়। এরপর তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
উদ্ধার করা পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, অজিত কুমার ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
মাদক আইনে মামলা
এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণি ২৪ (ক) অনুযায়ী অজিত কুমার ঘোষকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়।
বৈধ পাসপোর্ট-ভিসায় বাংলাদেশে প্রবেশ
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, অজিত কুমার ঘোষ গত ১১ অক্টোবর বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁর পাসপোর্টে পর্যটক ভিসা ছিল। বাংলাদেশে অবস্থানের গন্তব্যের ঠিকানা হিসেবে হিলির নাম উল্লেখ করেছিলেন তিনি।
শিরোনামে আটকের কারণ স্পষ্ট করোপ্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত করো