
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা, কৃষি এবং টেকসই শিল্প উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। পাশাপাশি বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), এলডিসি থেকে উত্তরণ এবং অভিবাসন নিয়েও দুই পক্ষের মধ্যে কথা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ডসের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। বিশেষ করে গণতান্ত্রিক উত্তরণ, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই শিল্পায়ন, পানি ব্যবস্থাপনা এবং কৃষি খাতে দেশটির অবদানের কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতি নেদারল্যান্ডসের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান হুমায়ুন কবির। একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল পানি ব্যবস্থাপনা, কৃষি, নৌপরিবহন, সামুদ্রিক অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ক্ষেত্রে নেদারল্যান্ডসের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এ সময় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী সোর্ড সোর্ডসমার আসন্ন সফর সম্পর্কেও প্রতিমন্ত্রীকে অবহিত করেন রাষ্ট্রদূত।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা এবং সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।