
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যান্য বন্দরের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এ চুক্তি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
কনটেইনার খালাসের সময় কমিয়ে তিন থেকে চার দিনে নামিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়ে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যা প্রত্যাশা করছেন, এই চুক্তির মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা জাতীয় স্বার্থে কাজে লাগানো হবে। দ্রুত পণ্য খালাসের ফলে ব্যবসায়ীদের সময় ও খরচ কমবে। এতে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর ইসা কাজিম বলেন, চুক্তির ফলে বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও দক্ষতার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি বৃহত্তর লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল লজিস্টিকস ব্যবস্থা উন্নয়নে সহযোগিতারও সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছতা বাড়ানো এবং পণ্য পরিবহন আরও কার্যকর ও সহজ করা সম্ভব হবে।