
বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ ও আইনি সেবা সম্প্রসারণবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবীসহ ২৩ সদস্যের প্রতিনিধি দল।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর জাপানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলে বিচারক, আইন ও বিচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রয়েছেন।
দলে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা, স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান।
এ ছাড়া রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
আইনজীবীদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের সময়কাল অংশগ্রহণকারীদের কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য হবে। সফরের সব ব্যয় জাইকা বহন করবে। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।
প্রতিনিধি দলটি ১ নভেম্বর অথবা এর কাছাকাছি সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে দেশ ছাড়বে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে ফিরবে।