
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব (২৬)। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সৌদিতে কর্মরত আরেক বাংলাদেশি শ্রমিক রোশন আলী সরকার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান সজিব
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রোববার বিকেলের দিকে জুবাইল শহরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ নেমে এসেছে। দীর্ঘদিন প্রবাসে কর্মরত এই তরুণের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
মরদেহ দেশে ফেরাতে চলছে যোগাযোগ
সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বজন ও স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, সৌদি আরবে কর্মরত বাগড়া গ্রামের এক প্রবাসীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, ওই প্রবাসীর কীভাবে মৃত্যু হয়েছে, তা দূতাবাসের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ যথাসময়ে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।
তিনি বলেন, শোকাহত পরিবারের পাশে থাকবেন তারা।