
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ ও ভাঙন প্রতিরোধে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সহযোগিতা আরও জোরদার হচ্ছে। এ বিষয়ে দুই দেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে।
রোববার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
সাক্ষাতে পানিসম্পদ মন্ত্রী দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের একজন বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দেশটির সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুদৃঢ় সম্পর্ক রয়েছে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ দেশ এবং ভূ-প্রকৃতিগতভাবে দুই দেশের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন রোধে ডাচ সরকার কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস যেভাবে সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং অতিরিক্ত সচিব মহা. এনামূল হক উপস্থিত ছিলেন।