
ভূরাজনৈতিক প্রতিযোগিতায় কোনো দেশের স্বার্থ বাস্তবায়নের হাতিয়ার না হয়ে নিজেদের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অন্য খেলোয়াড়দের খেলার ‘দাবার বোর্ড’ না হয়ে নিজেদের শর্তেই এগোতে চায় ঢাকা।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক এক অধিবেশনে তিনি এসব কথা বলেন। পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, মাথা উঁচু রেখে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে আলোচনা, সহযোগিতা ও অংশীদারত্বে প্রস্তুত বাংলাদেশ। তবে পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের স্বার্থ।
তিনি বলেন, ‘আমরা অন্য খেলোয়াড়দের খেলার জন্য দাবার বোর্ড হতে চাই না। আমরা আমাদের নিজেদের শর্তে খেলতে চাই।’
জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তখন দুটি বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছিল—অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির বিষয়টি।
তিনি বলেন, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা, নতুন উৎস ও নতুন ক্ষেত্র খুঁজে বের করার দিকে নজর দেওয়া হচ্ছে। দেশের নিজস্ব গ্যাস ও এলএনজি উৎস রয়েছে, যেগুলো আগে বা বিগত সরকারের আমলে অনুসন্ধান করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ইতোমধ্যে এসব উৎসের অনুসন্ধান শুরু করেছে বলেও জানান তিনি।
পাশাপাশি সৌরবিদ্যুতের দিকে নজর দেওয়া হচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা চলছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতির ওপর ইতোমধ্যে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সবসময় এ বিষয়ে সহযোগিতাপূর্ণ ও সংবেদনশীল অবস্থান নিয়েছে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্মানজনক, নিরাপদ ও সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ তার অংশীদার, বন্ধু, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করছে। এ সংকটের কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে।