
ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সরকারের অগ্রগতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে যাবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। কোনো দেশের শর্ত বা চাপের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না।
তিনি বলেন, বোয়িং কিংবা এয়ারবাস—যে বিমানই কেনা হোক না কেন, তা দেশের প্রয়োজন বিবেচনা করেই কেনা হবে।
এ ছাড়া এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তথ্য উপদেষ্টা দাবি করেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি।