
সদরঘাটসহ দেশের যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা টার্মিনাল ও সব যাত্রীবাহী নৌযানে দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং বিভ্রান্তি বা হয়রানির শিকার হবেন না।
যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণ করার নির্দেশও দেন তিনি।
পরিদর্শনের সময় সদরঘাট টার্মিনালের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন তিনি।
টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মো. রাজিব আহসান।
এ ছাড়া সদরঘাট টার্মিনাল ও নৌযানগুলো নিয়মিত পরিদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।