
লন্ডনের একটি অনুষ্ঠানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সুযোগ নেই। একই সঙ্গে ভার্চুয়াল বক্তব্যের বিষয়টিকে ‘মূল্যহীন কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।
লন্ডনে বুধবার অনুষ্ঠেয় একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় অনলাইনে যুক্ত হওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এটি যুক্তরাজ্য সরকারের আয়োজন নয়। প্রয়োজন হলে সংশ্লিষ্ট জায়গায় সরকার বিষয়টি জানাবে।
তিনি বলেন, ‘ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি কথা বলা—এগুলো মূল্যহীন কর্মকাণ্ড।’
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে তার আর আসার কোনও সুযোগ নেই। যারা পালিয়ে যায় বা বিতাড়িত হয়, তাদের ফিরে আসার সুযোগ খুব কম।’
শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, তার মতে, গত ১৫ বছরে শেখ হাসিনা মানুষের ওপর ‘অত্যাচার’ করেছেন এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পরিবার ও দলীয় নেতাদের মাধ্যমে দেশে লুটপাট হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে গেছেন, বিতাড়িত হয়েছেন—রাজনীতি শেষ। এখানেই তাদের ইতি।’
এর আগে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের আপত্তির কথা জানানো হয়েছিল। এ ধরনের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ভারতের সহযোগিতাও চেয়েছিল। অন্যদিকে, শেখ হাসিনার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকার জানিয়েছিল, ওই আয়োজনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং এটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগ।