
কারিগরি ত্রুটির কারণে ছয় দিন ধরে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন আবেদন করা যাচ্ছে না। গত ২৩ সেপ্টেম্বর থেকে পোর্টালটি অচল থাকায় বিদেশি নাগরিকদের ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণে জটিলতা তৈরি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। সোমবার সকালেও একাধিকবার পোর্টালে প্রবেশের চেষ্টা করে ‘সার্ভার এরর’ দেখানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) মাধ্যমে পরিচালিত হয়। দীর্ঘদিন পোর্টালটির আধুনিকায়ন না হওয়ায় অতিরিক্ত চাপ পড়লে সার্ভার অচল হয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বর্তমান সমস্যার কারণ ও তা স্থায়ীভাবে সমাধানের বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে জানানো হয়েছে, সার্ভার সচল করতে কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কারিগরি দল সমস্যা সমাধানে সার্বক্ষণিক কাজ করছে।
এর মধ্যে বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বর্তমানে বিলম্ব হচ্ছে।
গত রোববার ভারতের কয়েকজন নাগরিক বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে সমস্যার কথা জানান। তাঁদের একজন লেখেন, ‘আপনাদের ভিসা আবেদন সাইট দুই দিন ধরে কাজ করছে না। আমি বাংলাদেশি ভিসা নিতে চেয়েছিলাম, কিন্তু সাইটটি কাজ করছে না। আবেদন পোর্টালে ত্রুটি দেখাচ্ছে এবং তিন দিন ধরে সেটিতে প্রবেশ করা যাচ্ছে না।’
এদিকে জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসও এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই।
ফলে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে এনভিআর ও ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে। ডিআইপির কেন্দ্রীয় সিস্টেম দ্রুত সচল করতে কাজ চলছে বলে জানিয়েছে দূতাবাস।
পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় সিস্টেম চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর বিষয়টি দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে বলেন, ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে। এতে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে। সমস্যা সমাধানে কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে।
তিনি বলেন, ‘সিস্টেমে ত্রুটির কারণে আমরা নতুন আবেদন নিচ্ছি না। তবে যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা সময়মতো ভিসা পাবেন। সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশসহ যেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের আগে অগ্রিম ভিসা প্রয়োজন হয় না, তারা বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারেন। তবে সরকারি ভিসা আবেদন পোর্টালের দীর্ঘ সময় অচল থাকা বড় ধরনের সমস্যা এবং দ্রুত এর সমাধান প্রয়োজন বলে তিনি জানান।