
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন রিয়েল-টাইম মনিটরিংয়ের মাধ্যমে মাঠের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।
রোববার দুপুরে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সময় মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
বর্তমানে নির্বাচনি মাঠের পরিবেশ অত্যন্ত ভালো রয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও আপনারা প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এ জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।’
উপনির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ভোটের সময় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে মোতায়েন থাকবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
তফসিল অনুযায়ী, জমা দেওয়া মনোনয়নপত্র ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে, উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম রোববার থেকে শুরু করেছে ইসি। এ কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত। সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিদের ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে কমিশন।
এর আগে ১২ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।