
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হতে পারে।
এর আগে তারেক রহমানের ভারত সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। তবে এবার নতুন করে সফরের তারিখ নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রটি গণমাধ্যমটিকে জানিয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহ কিংবা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব গ্রহণের পর সফর নিয়ে দুই দেশের আলোচনা আরও জোরদার হতে পারে।
শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়
তবে তারেক রহমানের ভারত সফর শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা নির্ধারণে ঢাকার জন্য ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব ইস্যুর কোনো সমাধান কিংবা অগ্রগতি সফরের চূড়ান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। এর জবাবে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন মোদিও। দুই নেতার এই বার্তা বিনিময়ের পর ভারত সফরের তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সফরটি নিয়ে দুই দেশের কেউই প্রকাশ্যে নিশ্চিত কিংবা অস্বীকার করেনি।