
বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ।
শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের ইউএন বাইল্যাটারাল বুথে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক বৈঠকের তথ্য জানান।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি, উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীও ঢাকা-রিয়াদ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহের কথা জানান। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও মতবিনিময় করা হয়।