
দুই-একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারকে কোনোভাবে টলানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে জনগণকে কষ্ট দিয়ে বা সংকটে ফেলে সরকার কোনো সিদ্ধান্ত নিতে চায় না বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
রাজপথে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, ‘দু একটা ককটেল ফুটিয়ে সরকারের কে কিছু করা যাবে না।’
জ্বালানি তেলের দাম ও সরকারের ব্যয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জনগণের কষ্ট দিয়ে তাদের সংকটে ফেলতে চায় না এই সরকার। ডিজেলে ৪০ হাজার কোটি টাকা লোকসান হতো উল্লেখ করে তিনি জানান, সেই লোকসান কমানোর চেষ্টা চলছে।
তেলের দাম নিয়ে সরকারের অবস্থান
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে কেন দাম বাড়ানো হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি খুবই ভোলাটাইল অবস্থায় রয়েছে।
তিনি বলেন, সামনে তেলের দাম আরও বাড়তে পারে। এ অবস্থায় সরকার কতটা ভর্তুকি দিতে পারবে, সেটিও বিবেচনার বিষয়।
‘হাসিনার সময় হলে পদত্যাগ চাইতাম’
বর্তমান পরিস্থিতির সঙ্গে বিগত সরকারের সময়ের তুলনা করে জাহেদ উর রহমান বলেন, হাসিনার সময় একই ধরনের পরিস্থিতি তৈরি হলে তিনি সরকারের পদত্যাগ চাইতেন। কারণ, তার ভাষ্য অনুযায়ী, সেটি নির্বাচিত সরকার ছিল না।
অন্যদিকে বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, জনগণের কষ্ট হবে—এটি বাস্তবতা। তবে একই সঙ্গে সরকার ভারসাম্য রক্ষা করতে চায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা সুবিধাবঞ্চিত মানুষের পাশে সরকার রয়েছে বলেও জানান তিনি।
২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ২২ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচি শুরু হবে।
এরপর ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যুতে একটি আলোচনায় অংশ নেবেন তিনি। একই সঙ্গে কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ফিরবেন তিনি।
ব্যয় সাশ্রয়ে সংক্ষিপ্ত করা হয়েছে সফর
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণও ব্যাখ্যা করেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, সানফ্রান্সিসকোতে দলীয় একটি অনুষ্ঠান হতে পারত। তবে ব্যয় সাশ্রয় এবং দেশের বর্তমান সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করছেন।
জাহেদ উর রহমান আরও বলেন, সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বা ইউএনজিএর কোনো অনুষ্ঠান ছিল না। সেখানে দলীয় বা অন্য কোনো কর্মসূচি ছিল। পরবর্তীতে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন।
তার মতে, কম সময়ের সফর ব্যয় সাশ্রয়ী।
বোয়িং কেনার চুক্তি হতে পারে
বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে—এটি একটি প্রকাশিত তথ্য। ফলে এ-সংক্রান্ত চুক্তি হতেও পারে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে যতটুকু জানা গেছে, তথ্য ততটুকুই রয়েছে বলে জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, দেশ নানা রকম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই এ মুহূর্তে দেশে থাকা প্রধানমন্ত্রীর জন্য আরও ভালো অগ্রাধিকার।