
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সরকার বা রাষ্ট্রের কোনো ভুল-ত্রুটি হলে সাংবাদিকরা তা তুলে ধরবেন। তবে অপপ্রচার বা অপতথ্যের মাধ্যমে নয়।
এআই ও তথ্য যাচাইয়ের মাধ্যমে অপতথ্য ও মিথ্যা তথ্যের প্রচারণা কীভাবে বন্ধ করা যায়, সে বিষয়ে সাংবাদিকদের আরও দক্ষ করে তোলা হবে বলেও জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরে মাল্টিমিডিয়া, তথ্য যাচাই ও এআই বিষয়ক সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের এমন কোনো জনপ্রিয় ব্যক্তি নেই, যার নামে অপপ্রচার করা হয়নি। এমনকি নারী ও শিশুদেরও অপতথ্যের মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।
তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সাংবাদিকরা অপপ্রচার করছেন না। তবে যারা সাংবাদিক নন, অথচ নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাদের একটি অংশ অপপ্রচার, গুজব, মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও তৈরি করে এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকদেরও দুর্নাম হচ্ছে।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের কৌশল, মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।