
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জ্বর, শ্বাসকষ্ট ও কাশির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৬ বছর বয়সী বিদ্যুৎমন্ত্রী। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখা প্রয়োজন।
হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে জরুরি বিভাগে আসেন ইকবাল হাসান মাহমুদ। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। এর আগে ব্যাংককে তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছিল।
জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
মন্ত্রীর চিকিৎসায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।