
শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
বুধবার (২৬ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টরের সম্ভাবনাকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
অন্যদিকে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন ক্রিস রাইট। আধুনিক পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআর প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের বিষয়টিও তিনি তুলে ধরেন।
আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।