
গত ১৭ বছরে ব্যক্তি বা দলকেন্দ্রিক যে ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, সেই ধারায় বাংলাদেশ-ভারত সম্পর্ক আর এগিয়ে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই দুই দেশের সম্পর্ক নির্ধারণ করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে একটি ধারণা রয়েছে যে আগের সরকার ক্ষমতায় টিকে থাকার ক্ষেত্রে ভারতের সঙ্গে বিশেষ ধরনের সম্পর্কের সুবিধা পেয়েছে। এই জনধারণা এবং অতীতের অভিজ্ঞতার কারণে দুই দেশের সম্পর্ককে নতুন ভিত্তিতে পুনর্বিন্যাস করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আগে যেভাবে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চেয়েছে। কোনও দল বা কোনও ব্যক্তি স্পেসিফিক সম্পর্ক, সেটা না হয়ে জনগণের সঙ্গে সম্পর্ক হতে হবে।’
ভারতও বর্তমানে জনগণের সঙ্গে সম্পর্কের কথা বলছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক হতে হবে দুই স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সম্পর্কের মতো।’
তিনি আরও বলেন, ‘ভারতের নিরাপত্তা নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে, আমাদেরও বক্তব্য থাকতে পারে। এগুলো নিয়ে আলাপ-আলোচনা হবে। কিন্তু দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ যেভাবে কথা বলে, সেভাবেই হতে হবে।’