
দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান বর্তমানের প্রায় ৩ শতাংশ থেকে ৬-৭ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। দেশের পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে ট্রাভেল, পর্যটন, এভিয়েশন ও হসপিটালিটি খাতের সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আফরোজা খানম বলেন, নতুন এই প্ল্যাটফর্ম পর্যটন খাতের বিভিন্ন অংশীজনকে একই জায়গায় এনে সমন্বিতভাবে কাজ করার একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে। এর মাধ্যমে খাতটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে।
পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্য অর্জনে পর্যটন অবকাঠামোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
টেকসইভাবে পর্যটন খাতের বিকাশে বেসরকারি খাতকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত রয়েছে।