
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের সময়কার দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সংস্থাটির ভাবমূর্তি উন্নয়ন এবং কার্যক্রমে গতি ফেরাতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন দুদকের নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান।
রোববার (২ আগস্ট) দুদকে দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত ২০২৫ সালের এক জরিপে দাবি করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় অন্তর্বর্তী সরকারের আমলে সেবাখাতে দুর্নীতির হার ১০ শতাংশের বেশি বেড়েছে। এ জরিপকে কেন্দ্র করে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড দুদকের মাধ্যমে তদন্তের আহ্বান জানান। একই অধিবেশনে আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগও আলোচনায় আসে।
এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইদুর রহমান খান বলেন, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় সংসদে উত্থাপিত অভিযোগগুলো কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অভিযোগের ধরন ও গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দুদককে ঘিরে জনমনে বিভিন্ন ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। এসব দূর করতে সংস্থাটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
সাইদুর রহমান খান বলেন, প্রায় পাঁচ মাস ধরে কমিশন না থাকায় দুদকের কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই নতুন কমিশন নিয়োগের মাধ্যমে সংস্থাটির স্বাভাবিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনা হবে।