
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোতে গতি ফেরাতে এবং নৌপথগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ঢাকার নদীগুলোর পরিবেশ রক্ষা, নাব্যতা বৃদ্ধি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাৎ স্বাধীন জানান, ঢাকার চারপাশের নৌপথগুলো পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সভায় ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। একই সাথে, এই রুটে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব পর্যালোচনা করে তাদের ওয়াটার বাস নামানোর সুযোগ প্রদানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপ প্রেস সচিব আরও উল্লেখ করেন, নৌপথ সচল রাখার পাশাপাশি ঢাকার নদীগুলোকে দূষণমুক্ত রাখা, প্রাকৃতি পানিপ্রবাহ বজায় রাখা ও নাব্যতার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নদীকূলের ওয়াকওয়ের দুই পাশে বৈচিত্র্যময় প্রজাতির গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানীর নদীঘেরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আয়োজিত এ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।