
শারীরিক বা অন্য যেকোনো সীমাবদ্ধতা কোনো শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুই হাতহীন মেধাবী তরুণী আয়েশার জীবনসংগ্রাম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে ইমপ্রেস টেলিফিল্ম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ভিত্তি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি—যা হতে চায়, তা-ই হতে পারে।
ববি হাজ্জাজ বলেন, আয়েশার সংগ্রামী জীবন ও অর্জন প্রমাণ করে যে, দৃঢ় মনোবল থাকলে প্রতিকূল পরিস্থিতিকেও জয় করা সম্ভব। তবে এমন সাফল্য যাতে ব্যতিক্রম হয়ে না থাকে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু পিছিয়ে থাকবে না এবং সবাই সমান সুযোগ পাবে।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী আয়েশাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন—এ তথ্য জানতে পেরে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আয়েশার এই নিয়োগ মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, দুই হাত না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি ও নিরলস প্রচেষ্টায় জীবনের নানা প্রতিকূলতা জয় করা তরুণী আয়েশার সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘পায়ের ছাপ’।