
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে তিনি ভাষণ দেবেন।
এ উপলক্ষে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পিএমও সূত্র জানায়, সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।