
পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করতে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় সামরিক বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় তিনি রংপুর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
পরে বেলা সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সামরিক বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন তিনি। এরপর চট্টগ্রাম সফর শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটি পূজামণ্ডপ পরিদর্শনের কথা উল্লেখ রয়েছে। তবে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে।