
দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলে সহায়তার অনুরোধ জানান তিনি। জবাবে বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। গ্যাস সংকট নিরসনে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গ্যাস সংকট মোকাবিলায় সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।