
নির্বাচন কমিশনকে (ইসি) আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘদিনের আইনি লড়াই শেষে দেওয়া এ রায়ে দলটির নিবন্ধনসংক্রান্ত জটিলতা নতুন মোড় নিয়েছে।
বুধবার, ২২ জুলাই, ২০২৬ হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে নির্বাচন কমিশনের প্রতি এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পিপলস লীগ নিবন্ধনের আবেদন করলেও তা না পাওয়ায় ২০১৪ সালে দলটির মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। পরে ২০২৩ সালের ২ আগস্ট হাইকোর্ট নির্বাচন কমিশনকে দলটির বিষয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেন।
তবে চলতি বছরের জুনে আদালতে দাখিল করা নির্বাচন কমিশনের হলফনামায় বলা হয়, বাংলাদেশ পিপলস লীগ গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। মাঠপর্যায়ের তদন্তে দলটির দাবি করা সাতটি জেলা কার্যালয়ের মধ্যে তিনটির এবং ৩১টি উপজেলা কার্যালয়ের মধ্যে ১৮টির অস্তিত্ব ও কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে, যা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণে যথেষ্ট নয় বলে কমিশন উল্লেখ করে।
রায় ঘোষণার পর বাংলাদেশ পিপলস লীগের চেয়ারম্যান গরিব নেওয়াজ বলেন, ‘আদালত আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে রেজিস্ট্রেশন দিতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ পিপলস লীগ ১৯৭৬ সনে ডা. আলীম আল রাজীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। রেজিস্ট্রেশনের জন্য আইন হওয়ার পর ২০১২ সালে আমরা আবেদন করি। হাইকোর্ট পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পরও অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। অথচ তুলনামূলক কম যোগ্যতাসম্পন্ন কয়েকটি দল নিবন্ধন পেয়েছিল। শেষ পর্যন্ত আমাদের রিট মঞ্জুর হয়েছে।’
দলটির মহাসচিব ও রিটকারী সৈয়দ মাহবুব হোসেন বলেন, ‘আমরা প্রথম যখন ২০১২ সালে আবেদন করি, তখন আমাদের ৮৩টি উপজেলা ও ১৮টি জেলা কার্যালয় ছিল। নিয়ম অনুযায়ী ১০০ উপজেলা ও ২১টি জেলা কার্যালয় প্রয়োজন ছিল। পরবর্তীতে আমাদের ১০১টি উপজেলা এবং ২১টি জেলা কার্যালয় সম্পন্ন হওয়ার পরও ইসি নিবন্ধন দেয়নি।’
তিনি আরও বলেন, ‘তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সরকারের নির্দেশেই এটা হয়েছে। আমরা ২০ দলীয় জোটের শরিক ছিলাম, যার জন্য তখনকার স্বৈরাচারী সরকার আমাদের নিবন্ধন দেয় নাই। আজ হাইকোর্ট থেকে আমরা ন্যায়বিচার পেয়েছি।’